বেড বরাদ্দ থেকে চিকিৎসাসেবা—নবজাতকের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার… | আই নিউজ বিডি

বেড বরাদ্দ থেকে চিকিৎসাসেবা—নবজাতকের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
বেড বরাদ্দ থেকে চিকিৎসাসেবা—নবজাতকের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ..
বেড বরাদ্দ থেকে চিকিৎসাসেবা—নবজাতকের স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে ভর্তি করার পর বেড বরাদ্দ দেওয়ার নামে ২০০ টাকা এবং চিকিৎসাসংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে আরও ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আউটসোর্সিং কর্মচারী রবিউল ইসলামের ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে ভর্তি করার পর বেড বরাদ্দ দেওয়ার নামে ২০০ টাকা এবং চিকিৎসাসংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে আরও ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আউটসোর্সিং কর্মচারী রবিউল ইসলামের বিরুদ্ধে। শুধু একজন নয়, শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বজনদের কাছ থেকে বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে অর্থ আদায় এবং টাকা দিতে না চাইলে অসদাচরণের অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী।

সরকারি হাসপাতালে বিনামূল্যে বা নির্ধারিত নিয়মে চিকিৎসাসেবা পাওয়ার কথা থাকলেও সেখানে সেবা পেতে অতিরিক্ত টাকা দেওয়ার এমন অভিযোগ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে নবজাতক ও শিশুদের চিকিৎসা নিতে আসা অসহায় পরিবারের সদস্যদের কাছ থেকে এভাবে অর্থ আদায়ের অভিযোগ জনস্বাস্থ্যসেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।

ভুক্তভোগী নাজমা খাতুন জানান, শ্যামনগর থেকে এসে তিনি তাঁর নবজাতক শিশুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় বেড বরাদ্দ দেওয়ার কথা বলে আউটসোর্সিং কর্মচারী রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ২০০ টাকা নেন। পরে শিশুর বুকে সর্দি জমেছে জানালে তা বের করে দেওয়ার কথা বলে আরও ১০০ টাকা আদায় করেন।

নাজমা খাতুনের অভিযোগ, রবিউল ইসলাম তাঁদের বলেছিলেন, আউটসোর্সিং কর্মচারীদের কোনো বেতন দেওয়া হয় না। রোগীর স্বজনদের কাছ থেকে যা পাওয়া যায়, তা দিয়েই তাঁদের চলতে হয়।

একই ধরনের অভিযোগ করেছেন আশাশুনি থেকে আসা রোগীর স্বজনঢ আজিজুল ইসলাম। তাঁর ভাষ্য, শিশু ওয়ার্ডে রোগীদের বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে রবিউল ইসলাম টাকা নেন। এ ছাড়া টাকা দেওয়া নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, শিশু ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বললে এ ধরনের অর্থ আদায়ের আরও তথ্য পাওয়া যেতে পারে। তাঁদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত হতাশাজনক।

তবে আউটসোর্সিং কর্মচারীদের বেতন দেওয়া হয় না—এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সালমান হোসেন। তিনি বলেন, আউটসোর্সিং কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়া হয়। রোগীর স্বজনদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। তথ্য-প্রমাণসহ প্রতিবেদন তৈরি করে হাসপাতালের পরিচালককে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, ‘আপনার কিছু বলার থাকলে কর্তৃপক্ষকে জানান। আমরা যা করি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করি।’

এদিকে সরকারি হাসপাতালে বেড বরাদ্দ ও চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মের বাইরে অর্থ লেনদেনের অভিযোগকে উদ্বেগজনক হিসেবে দেখছেন রোগীর স্বজনেরা। তাঁদের মতে, চিকিৎসার জন্য হাসপাতালে আসা পরিবারগুলো এমনিতেই নানা ধরনের মানসিক ও আর্থিক চাপে থাকে। এর মধ্যে সেবা পাওয়ার জন্য বাড়তি অর্থ দিতে হলে তা ভোগান্তিকে আরও বাড়িয়ে দেয়।

সংশ্লিষ্টদের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে শিশু ওয়ার্ডে বেড বরাদ্দ, রোগীদের সেবা প্রদান এবং অর্থ লেনদেনের বিষয়ে সুস্পষ্ট নজরদারি নিশ্চিত করা জরুরি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator