ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ | আই নিউজ বিডি

ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ..
ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ..
ছবি: সংগৃহীত
শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হওয়ার আহ্বান

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

বর্ণিল সাজসজ্জা, ফুলেল শুভেচ্ছা আর গান-নাচ ও কবিতার ছন্দে উৎসবমুখর হয়ে উঠেছিল সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কলেজের একাদশ শ্রেণির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পথচলায় নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান অতিথিরা।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আজম মুঃ আব্দুস ছালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। অনুষ্ঠানের সার্বিক আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারুখে আজম মুঃ আব্দুস ছালাম বলেন, নবীন শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। সাতক্ষীরা সরকারি কলেজের গৌরবময় ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং সুনাগরিক হিসেবে গড়ে তোলাই কলেজের অন্যতম লক্ষ্য। নবীনদের পদচারণায় ক্যাম্পাস আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে। তাদের শিক্ষা ও বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এ সময় অতিথিদের বিশেষ স্মারক প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator