ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন | আই নিউজ বিডি

ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন..
ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন..
ছবি: সংগৃহীত
****

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আশ্রয় নিয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আইনজীবীসূত্রে পাঠানো একটি চিঠির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর এই প্রথম তিনি নতুন ভ্রমণের দলিলের জন্য আবেদন করলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। তার এমন উদ্যোগ দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এর আগে শেখ হাসিনা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি দেশে ফিরতে চান। তার আইনজীবীরা রয়টার্সকে নিশ্চিত করেছেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলেই তার দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্স'-এর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছে। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং এনআইডি বাতিল করায়, বাংলাদেশের নাগরিক হিসেবে তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করা জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইন ও চুক্তির বাধ্যবাধকতা মেনে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ বিষয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান কিংবা ঢাকায় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Aucun commentaire trouvé


News Card Generator