বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো কোনো দল নেই, কোথাও সারের সংকট বা… | আই নিউজ বিডি

বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো কোনো দল নেই, কোথাও সারের সংকট বা চাঁদাবাজি নেই'..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো কোনো দল নেই, কোথাও সারের সংকট বা চাঁদাবাজি নেই'..
বিএনপি ছাড়া দেশ পরিচালনার মতো কোনো দল নেই, কোথাও সারের সংকট বা চাঁদাবাজি নেই'..
ছবি: সংগৃহীত
****

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো আর কোনো রাজনৈতিক দল নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে সবার আগে বিএনপিকে বাঁচাতে হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর এবি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা বিএনপি যৌথভাবে এই সভার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জে সার সংকট ও চাঁদাবজির অভিযোগ প্রসঙ্গে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমিনুল ইসলাম বলেন, "কিছু মানুষ সার সংকট ও চাঁদাবাজি নিয়ে অসংলগ্ন কথা বলছেন। কিন্তু কোথাও কোনো সারের সংকট নেই। একইভাবে কোথায় চাঁদাবাজি হচ্ছে, তা আমি চ্যালেঞ্জ করে জানতে চাই।"

তিনি আরও বলেন, "নাচোল, গোমস্তাপুর, ভোলাহাটসহ পুরো চাঁপাইনবাবগঞ্জে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোথাও চাঁদাবাজি বা মাস্তানি হচ্ছে না। কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা জোর-জুলুম করে মানুষের কাছ থেকে টাকা তুলছি। কেউ ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করলে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়।" চাঁদাবাজি দমনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

কৃষকদের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য জানান, সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। সবাইকে নিয়ম মেনে নির্ধারিত উপায়ে সার সংগ্রহ করতে হবে।

প্রধানমন্ত্রী প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, "প্রধানমন্ত্রী যেভাবে দেশ গঠনে কাজ শুরু করেছেন, ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে তিনি দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করবেন। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে সুন্দরভাবে গড়ে তুলে সারা বিশ্বে অনন্য সুনাম অর্জন করেছিলেন।"

এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে টিকিয়ে রাখতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়াও জেলা কৃষক দলের সদস্যসচিব দুরুল হোদা, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরুদ্দীনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nema komentara


News Card Generator