রূপগঞ্জে ফুটবলের উন্মাদনা, চ্যাম্পিয়ন ফ্যালকন নোয়াপাড়া | আই নিউজ বিডি

রূপগঞ্জে ফুটবলের উন্মাদনা, চ্যাম্পিয়ন ফ্যালকন নোয়াপাড়া

Shahidul islam Sharif avatar   
Shahidul islam Sharif
রূপগঞ্জে ফুটবলের উন্মাদনা, চ্যাম্পিয়ন ফ্যালকন নোয়াপাড়া
রূপগঞ্জে ফুটবলের উন্মাদনা, চ্যাম্পিয়ন ফ্যালকন নোয়াপাড়া
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে নোয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর, ২০২৬) বিকেলে, ঐতিহ্যবাহী বিসিক জামদানি মাঠে অনুষ্ঠিত ফা..

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে নোয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর, ২০২৬) বিকেলে, ঐতিহ্যবাহী বিসিক জামদানি মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফ্যালকন নোয়াপাড়া ক্লাব ২-১ গোলে কিংস নোয়াপাড়া ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। আয়োজকরা ানান, প্রায় ১০ হাজার দর্শক খেলা উপভোগ করে। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফ্যালকন নোয়াপাড়া ক্লাব। দ্বিতীয়ার্ধে দলটির ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় আব্বাসের একক প্রচেষ্টায় আরও একটি গোল হয়। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্যালকন। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে কিংস নোয়াপাড়া ক্লাবের নাফিস দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্যালকন নোয়াপাড়া ক্লাব।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি উপস্থিত দর্শকদের হাততালির মাধ্যমে ‘খেলাকে হ্যাঁ, মাদককে না’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। সুস্থ সমাজ গঠনে রূপগঞ্জে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তারাব পৌরসভা বিএনপির সভাপতি তাশিকুল হক ওসমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ হাজী মো. আনিসুজ্জামান খোকন, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সোলায়মান কবির, মফিজুল ইসলাম মফিজ, মো. জাকির হোসেন, মো. রেজাউর রহমান রিপন ও আব্দুর রাজ্জাক জুয়েল। এ ছাড়া নোয়াপাড়া ফুটবল একাডেমির কোচ সাদেকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে নোয়াপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন। আয়োজকদের মতে, মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় দর্শকরাও মনে করেন, এ ধরনের আয়োজন রূপগঞ্জে ফুটবল চর্চা ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও উৎসাহিত করবে।

לא נמצאו הערות


News Card Generator