স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা | আই নিউজ বিডি

স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা..
স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা..
ছবি: সংগৃহীত
****

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে আসছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি বিজিবির বিশেষ দলের টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাভার, ধামরাই ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব এলাকায় সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে গত কয়েক দিন ধরে মাসিক বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। গাজীপুর, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

এ পরিস্থিতির মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জানুয়ারি থেকেই বর্ধিত বেতন হাতে পাওয়ার আশা করছেন তৈরি পোশাকশ্রমিকেরা।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Nessun commento trovato


News Card Generator