মোংলা বন্দরের দুটি আধুনিক জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন… | আই নিউজ বিডি

মোংলা বন্দরের দুটি আধুনিক জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মোংলা বন্দরের দুটি আধুনিক জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী..
মোংলা বন্দরের দুটি আধুনিক জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী..
ছবি: সংগৃহীত
****

খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলায় পৌঁছে মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ১০টায় দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের উদ্বোধন করবেন তিনি।

চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এ প্রকল্পে চীনা ঋণ ও সরকারি অর্থায়ন রয়েছে। প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে দুটি আধুনিক কনটেইনার জেটি ও ইয়ার্ড। পাশাপাশি যুক্ত হবে আধুনিক ক্রেন, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও কনটেইনার হ্যান্ডলিং প্রযুক্তি।

সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে চার লাখ টিইইউতে দাঁড়াবে, যা বর্তমান সক্ষমতার দ্বিগুণেরও বেশি। এতে পণ্য ওঠানামার গতি বাড়বে, জাহাজের অপেক্ষার সময় কমবে এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকল্প ও উন্নয়ন) শেখ শওকত আলী জানান, আধুনিক জেটি ও সরঞ্জাম যুক্ত হলে বন্দরের অবকাঠামোগত সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। পাশাপাশি বন্দর ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।

অন্যদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মনে করেন, মোংলা বন্দরকে ঘিরে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ কার্যক্রম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোংলায় কর্মসূচি শেষে বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তিনি।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার সূচনা করবেন তিনি।

দুই সপ্তাহের ব্যবধানে মোংলায় এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ২২ অক্টোবর খুলনা ও মোংলা সফরে এসেছিলেন তিনি। পরপর দুটি সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

לא נמצאו הערות


News Card Generator