হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুরের আদেশ গোপন করে হাইকোর্টের পৃথক তিন বেঞ্চে নতুন করে জামিন আবেদন করার দায়ে তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত অভিযুক্ত তিন আইনজীবী হলেন আন্না খানম, এস এম আব্দুল বাতেন সাকিল ও রহিম উদ্দিন
বুধবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুলসহ আদেশ দেন আদেশে পাঁচ আসামি, তাদের তিন আইনজীবী এবং মো. সেলিম রেজা, রিপন আহমেদ ও মোশারফ নামের তিন তদবিরকারকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে ১৫ দিনের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে
রাজধানীর মুগদার খালপাড় সুখনগরের বাসিন্দা সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার মামলায় এই পাঁচ আসামি হলেন মিল্লাত হোসাইন, লিপি আক্তার, মো. শরীফ, আনোয়ার হোসেন টনিক ও মো. আরিফুর রহমান জনি ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের হামলায় সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং একদিন পর রামপুরার ডেল্টা হাসপাতালে মারা যান এই ঘটনায় সাইফুলের বোন রাফিজা আক্তার হত্যা মামলা দায়ের করেন গত ১৩ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন
নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের আদেশের পর গত ৩০ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর হাইকোর্টের পৃথক তিনটি বেঞ্চে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয় গত ১ নভেম্বর একটি জামিন আবেদনের শুনানির সময় একই আসামিদের পক্ষে অন্য দুটি বেঞ্চে আরও জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে আসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ জানান, বিষয়টি ধরা পড়ার পর আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন একইসঙ্গে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের কোনো আবেদনের শুনানি যেন না নেওয়া হয়