আগামী ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল… | আই নিউজ বিডি

আগামী ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল: মাহদী আমিন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আগামী ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল: মাহদী আমিন..
আগামী ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল: মাহদী আমিন..
ছবি: সংগৃহীত
****

দেশের উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সহযোগিতা করবে সরকার। আগামী ছয় মাসের মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাদ ও অব্যবহৃত জায়গা চিহ্নিত করে সেগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা এখন ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে যত বেশি সম্ভব ভবন ও শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সরকার সহযোগিতা করবে।

তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলে থাকাকালীনও বলে আসছিলেন। বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সেই পরিকল্পনা জাতীয় নীতিমালায় প্রতিফলিত হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নিজের বাসভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা

মাহদী আমিন জানান, দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত খালি জায়গা চিহ্নিত করে সৌরবিদ্যুৎ স্থাপনের আওতায় আনা হবে।

তিনি বলেন, কোন প্রতিষ্ঠানে কী পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, তা নির্ধারণে ফিজিবিলিটি স্টাডি করা হবে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

দেশের ৫০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টিরও অধিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশীয় শিল্প ও কর্মসংস্থানে গুরুত্ব

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সৌরবিদ্যুৎ খাতের প্রসারে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে।

বর্তমানে দেশে ব্যবহৃত সোলার প্যানেল প্রায় শতভাগ আমদানিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, সৌর প্যানেল উৎপাদনসহ সংশ্লিষ্ট শিল্পের স্থানীয় সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ও ভ্যালু চেইন উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ খাতকে কেন্দ্র করে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন। এ জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌরবিদ্যুৎ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিল্পকারখানায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান মাহদী আমিন।

তিনি বলেন, সৌরবিদ্যুতের প্রসারে জাতীয় বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে নিতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা দেওয়া হচ্ছে। অর্থায়নকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরির কাজ চলছে।

সৌরবিদ্যুতের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জফির তুহিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব একেএম সোহেল, এশীয় উন্নয়ন ব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা এবং সোলারিকের পরিচালক প্রকৌশলী নাজনীন আক্তার।

No se encontraron comentarios


News Card Generator