তাহসিফ সৌরির হত্যা মামলায় দিশার আরও ৩ দিনের রিমান্ড | আই নিউজ বিডি

তাহসিফ সৌরির হত্যা মামলায় দিশার আরও ৩ দিনের রিমান্ড

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তাহসিফ সৌরির হত্যা মামলায় দিশার আরও ৩ দিনের রিমান্ড
তাহসিফ সৌরির হত্যা মামলায় দিশার আরও ৩ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত
****

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনিম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন দিশা। ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এও গিয়েছিলেন। এছাড়া মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে দিশাকে একসঙ্গে দেখা গেছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য জড়িতদের শনাক্ত, আলামত উদ্ধার এবং দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে বাসায় না ফেরায় তার মা একাধিকবার ফোন করলে তিনি কিছুক্ষণের মধ্যে ফেরার কথা জানান। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে নিজের ফোন থেকে মায়ের কাছে ‘রওনা দিয়েছি, আসছি’ বলে একটি ভয়েস মেসেজ পাঠান। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি।

পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের খবর পায় তার পরিবার। ২৯ অক্টোবর প্রয়োজনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মামলার তদন্ত চলছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator