উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ নিচ্ছে আনসার-ভিডিপি | আই নিউজ বিডি

উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ নিচ্ছে আনসার-ভিডিপি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ নিচ্ছে আনসার-ভিডিপি..
উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ নিচ্ছে আনসার-ভিডিপি..
ছবি: সংগৃহীত
****

জাতীয় নিরাপত্তা ও উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পর্যায়ক্রমে দেশের উপকূলীয় জেলাসহ অন্যান্য অঞ্চলে এ প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আলোকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জাতীয় নিরাপত্তা ও গণপ্রতিরক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি, আন্তঃবাহিনী সমন্বয়, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর নিয়ে দিকনির্দেশনা দেন মহাপরিচালক।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী একজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট এবং অন্যদের ডিজিটাল সনদপত্র ও আনসার ব্যাংকের শেয়ার সার্টিফিকেট দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত গণপ্রতিরক্ষা দর্শনের আলোকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখ সদস্যকে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার কার্যক্রমে দেশপ্রেম, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবা ও আত্মত্যাগের চেতনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাহিনীর সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সচেতন, দায়িত্বশীল ও সক্ষম জননিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ চলছে। জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় অপারেশনাল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ প্রশিক্ষণ এবং সমন্বয় জোরদার করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন যৌথ প্রশিক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো নৌবাহিনীর সঙ্গেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

মহাপরিচালক আরও জানান, প্রতিরক্ষা উপদেষ্টার দিকনির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলীয় নিরাপত্তা, মৎস্যজীবী ও মাছ ধরার নৌযানের সুরক্ষা, উদ্ধার অভিযান এবং দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো হবে। এ জন্য প্রান্তিক পর্যায়ের স্বেচ্ছাসেবকদের ধাপে ধাপে একই ধারার প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, আনসার-ভিডিপি সদস্যদের কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। জাপানি ভাষা প্রশিক্ষণ এবং প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে জাপান ও ইউরোপে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলছে।

বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সদস্যদের সমন্বিত তথ্যভান্ডার, কিউআর কোডভিত্তিক ডিজিটাল প্রশিক্ষণ সনদ, ডিজিটাল মনিটরিং, মাঠপর্যায়ে ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম এবং সিআরএম ব্যবস্থা চালুর কথাও জানান মহাপরিচালক।

এ ছাড়া বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন বাংলাদেশ কর্মসূচি, সামাজিক সচেতনতা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে বাহিনীর স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধি, জেলার বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

Nenhum comentário encontrado


News Card Generator