ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ | আই নিউজ বিডি

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩
ছবি: সংগৃহীত
****

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজন খাঁর মৃত্যু হয় বলে তাঁর পরিবার জানিয়েছে।

নিহতরা হলেন—পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে স্বাধীন হোসেন সরকার (২০), ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজ কাজী (২০) এবং একই গ্রামের শওকত খাঁর ছেলে মোটরসাইকেলচালক রাজন খাঁ (২০)। আহত নাসিম মাতুব্বর (২০) জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হতাহত যুবকেরা নিজ নিজ মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে এক্সপ্রেসওয়ের খুলনা লেনে স্বাধীন মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বাধীন ও এজাজের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বাধীন ও এজাজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাজন ও নাসিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং একটি মোটরসাইকেল ভুল পথে আসার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর তাঁদের কাছে ছিল। তৃতীয়জনের মৃত্যুর খবর তখনো তাঁরা পাননি।

এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে মামলা হয়নি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator