মুক্তিযুদ্ধ নিয়ে আ.লীগ ব্যবসা করেছে, আরেক দল জুলাই চেতনা নিয়ে… | আই নিউজ বিডি

মুক্তিযুদ্ধ নিয়ে আ.লীগ ব্যবসা করেছে, আরেক দল জুলাই চেতনা নিয়ে: ধর্মমন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মুক্তিযুদ্ধ নিয়ে আ.লীগ ব্যবসা করেছে, আরেক দল জুলাই চেতনা নিয়ে: ধর্মমন্ত্রী..
মুক্তিযুদ্ধ নিয়ে আ.লীগ ব্যবসা করেছে, আরেক দল জুলাই চেতনা নিয়ে: ধর্মমন্ত্রী..
ছবি: সংগৃহীত
****

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আরেকটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে নিজের তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, আরেকটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে। তারা কোনো ধরনের ব্যবসা করতে চান না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিতে হবে। জুলাই চেতনাকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদেরও যথাযথ সম্মান জানাতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমান প্রধানমন্ত্রীও একজন মুক্তিযোদ্ধার সন্তান।

নিজের চিকিৎসার প্রসঙ্গ তুলে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, তিনি ও তার পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তাকে দীর্ঘ ছুটি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, তারেক রহমান দেশের জন্য অনেক পরিশ্রম করেন। একদিন অফিস সময়ের পর তার সঙ্গে কথা বলার সময় তাকে অত্যন্ত ক্লান্ত মনে হলেও কথাবার্তায় ক্লান্তির কোনো ছাপ ছিল না। তিনি সব সময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করেন। এর প্রতিফলন হিসেবে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী। তিনি বলেন, আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান। সহকারী শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর, বাঙ্গরা বাজার ও তিতাস সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্যসচিব মোল্লা মুজিবুল হক।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator