পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আবারও ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে প্রায় ২৫০ শিক্ষার্থী মাঠটিতে গিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা প্রথমে মাঠের প্রবেশপথে থাকা বড় গেটটি ভেঙে ফেলেন। পরে এশিয়ান বাণিজ্য মেলার জন্য নির্মিত বিভিন্ন স্টল ও সেগুলোর টিনের অংশসহ মাঠের অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালান।
জানা গেছে, পুরোনো বাণিজ্য মেলার মাঠে এশিয়ান বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষে সেখানে প্রবেশগেট ও বিভিন্ন স্টল নির্মাণ করা হয়েছিল। সোমবার শিক্ষার্থীরা এসব স্থাপনা ভাঙচুর করেন।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা। খেলাধুলা, শিক্ষা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য জায়গাটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মাঠটি শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ করে দিতে হবে, যাতে সেখানে নিয়মিত শিক্ষা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যায়।
সরকারের পক্ষ থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের কথা জানানোর পর থেকেই জায়গাটি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন শেকৃবির শিক্ষার্থীরা। এর আগে দুই দফায় সেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবারের ঘটনা নিয়ে এ পর্যন্ত তিন দফায় মাঠটিতে ভাঙচুরের ঘটনা ঘটল।
পুলিশের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মেলা আয়োজকদের গণপূর্ত অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমতি ছিল। সেই অনুমতির ভিত্তিতেই সেখানে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।