খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
****

খুলনার রূপসা উপজেলায় আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাথার পেছনে ছিদ্র থাকায় গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহেরচর এলাকার একটি কলাবাগানের পাশের নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের একজন হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ (৩৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়দের দাবি, তার নাম রেজাউল করিম (৩২)। তিনি সিংহেরচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় দুই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, গুলি করার পাশাপাশি ওই দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, নিহত দুজনের মাথার পেছনে ছিদ্র রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপরজনের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

কারা এবং কী কারণে তাদের হত্যা করেছে, তা সোমবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

এ ঘটনায় আইচগাতী ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator