আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুন | আই নিউজ বিডি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুন..
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুন..
ছবি: সংগৃহীত
****

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে চলা এ বিক্ষোভে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের এক সহকারী পুলিশ সুপার আহত হয়েছেন। একই সময়ে নরসিংহপুরে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরে বেলা ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউএজ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে কারখানা থেকে বেরিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের অন্যান্য কারখানার সামনেও গিয়ে বিক্ষোভ করেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে শ্রমিকেরা হা-মীম গ্রুপের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশও টিয়ার শেল ছোড়ে।

এর মধ্যে বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator