শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।’
এদিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে শ্রমিকদের দ্রুত কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।