স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করলেন ট্রাম্প | আই নিউজ বিডি

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করলেন ট্রাম্প..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করলেন ট্রাম্প..
স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করলেন ট্রাম্প..
ছবি: সংগৃহীত
****

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। তাকে ‘অসুস্থ’, ‘জঘন্য’ ও ‘দেখতে ভয়াবহ’ বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।

সম্প্রতি কানসাস ও আইওয়ায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেন ট্রাম্প। এ সিদ্ধান্তের কারণ জানতে গিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, টানা কয়েক সপ্তাহ নির্বাচনী প্রচার চালানোর পর অসুস্থ বোধ করায় তিনি কানসাস সফর বাতিল করেছেন কি না।

এ প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’

সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। তবে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন। এমনকি একপর্যায়ে তার কথা বলার ভঙ্গিও নকল করেন।

ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’

পরে সাংবাদিক আবারও জানতে চান, প্রেসিডেন্ট সুস্থ আছেন কি না। জবাবে নিজের স্বাস্থ্য ভালো বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’

এরপর সাংবাদিককে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’

এদিকে আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন ট্রাম্প। সূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনা এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে তার সমাবেশ করার কথা ছিল।

সফর বাতিলের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

সমাবেশ বাতিলের কারণ এবং নিজের স্বাস্থ্য নিয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকের সঙ্গে ট্রাম্পের এই বাক্যবিনিময় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Walang nakitang komento


News Card Generator