বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেমের পরে আমরা সব বিষয় জেনে বলতে পারব।’
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তাহসিফ সৌরির মৃত্যুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত ও বিচার সম্পন্ন করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের ফলাফল জানা প্রয়োজন।
উল্লেখ্য, বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।