বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় ডাকবাংলো সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে যুবদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা ও প্রধান সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সুসংগঠিত করে দেশ গড়ার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনটি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম সম্রাট। বিশেষ অতিথি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর। উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান। আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম বাবলু। সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব মো. আল-আমিন হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমরান হোসাইনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।