কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৮ লাখ টাকার চোরাই বাসমতি চাল, ফুচকা ও একটি পিকআপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
১০ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১২টায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত শূন্য লাইন থেকে ৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজী বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়।
অভিযানে পিকআপটিসহ বিপুল পরিমাণ চোরাই বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত চাল, ফুচকা ও পিকআপের সর্বমোট সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।