চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরিয়ে দিলেন জনতা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরিয়ে দিলেন জনতা

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরিয়ে দিলেন জনতা
চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে যুবককে ধরিয়ে দিলেন জনতা
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে এক যাত্রীকে মারধর করে টাকা, মুঠোফোন ও ঘড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। পরে জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে ভুক্তভোগী যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যান।
সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার বদল রেললাইন দক্ষিণ কলাপাড়া এলাকায়। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম তাৎক্ষিন জানায়নি পুলিশ।

ভুক্তভোগী যাত্রী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার বাসিন্দা। তিনি আবু বক্কার সিদ্দিকের ছেলে।

তানভীর আহমেদ বলেন, আমি সরকারি একটি চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য  ঢাকা থেকে  নীলসাগর  এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। যমুনা রেলসেতুর আগে একটি স্টেশনে কিছু কেনার জন্য নামেন। পরে ভিড়ের কারণে ট্রেনের ভেতরে উঠতে না পেরে ছাদে ওঠেন। যমুনা রেলসেতু পার হওয়ার পর দুজন তাঁকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এরপর তাঁর কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা, একটি ঘড়ি ও একটি স্মার্টফোন নিয়ে নেন।

তানভীর বলেন,আমি তাঁদের অনুরোধ করে বলি, আমার মুঠোফোন ও ১০০ টাকা দেন। মুঠোফোনে চাকরির অনেক কাগজপত্র আছে। বাকি সব নিয়ে যান। পরে তাঁরা আমাকে ১০০ টাকা দিয়ে মুঠোফোনসহ অন্য জিনিস নিয়ে নেন।

তানভীর জানান, জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ট্রেনের যাত্রী ও স্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে আটক করেন। অপর ব্যক্তি পালিয়ে যান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ ও পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েনের দাবি জানান স্থানীয় লোকজন।

এদিকে, ছিনতাই প্রতিরোধে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু দুই রাতে মহড়া দিয়েছেন। পাশাপাশি রেলওয়ে পুলিশ ও কামারখন্দ থানা-পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করতে কাজ করছে।

Nenhum comentário encontrado


News Card Generator