আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড
আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার বিক্রি ও পাচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সার বিতরণে অনিয়মের দায়ে বিসিআইসি ও বিএডিসির দুই ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সারসহ মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার সারপুকুর ও সাপ্টিবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদিতমারী থেকে কুড়িগ্রামে অবৈধভাবে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার টিপার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সার বিক্রি ও পাচারের অভিযোগে দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে রাখা ৭০ বস্তা সার জব্দ করা হয়।

এদিকে, সার বিতরণে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিসিআইসি ডিলার শফিকুল আলমকে ২০ হাজার টাকা এবং বিএডিসি ডিলার মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম জানান, কৃষকদের অধিকার রক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা সার বর্তমানে আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। বিধি অনুযায়ী সরকারি মূল্যে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator