ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর তেজগাঁওয়ে ১০০টি অসহায় পরিবারের মাঝে মশারি বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানার হামদর্দ গলিতে এ মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মনিরুল ইসলাম স্বপন।
তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে মশারির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও অত্যন্ত জরুরি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মশারি বিতরণ কর্মসূচিতে তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির এ উদ্যোগ স্থানীয়ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।