সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন এসআরবি-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান। বিশ্বের ছড়িয়ে থাকা কোটি সনাতন ধর্মাবলম্বীর বৃহত্তম এই ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি না হয়, সে লক্ষ্যে জেলার পূজামণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সিসিটিভি পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড পাড়া মন্দির (গৌড় গোপাল আঙ্গিনা) পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংকালে তিনি বলেন, "হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই মহোৎসব যাতে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তার সঙ্গে উদযাপিত হতে পারে, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।"
তিনি আরও জানান, সাধারণ মানুষের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি এআই-নির্ভর (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর ফরিদপুর জেলায় মোট ৮৮১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি বিশেষ নজরদারি বজায় রাখছে।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ভক্তবৃন্দ এবং এসআরবি-১০-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পর্যবেক্ষণে অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান ..
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado