সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য অর্জন, নানা প্রতিকূলতা কাটিয়ে ওঠার দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি নারী উদ্যোক্তাদের গতিশীল করতে ও বিভিন্ন বাধা কাটিয়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, নারী উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। ক্ষুদ্র উদ্যোগগুলোকে ধীরে ধীরে বড় পরিসরে নিয়ে যেতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা বজায় থাকবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিশেষ ঋণ সুবিধার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সুবিধার্থে বিশেষ লোন ব্যবস্থা চালু করলেও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে অনেকেই এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ সময় তিনি উদ্যোক্তাদের বাণিজ্যিক সনদসহ সব প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ ব্যবসায়িক নানা প্রতিকূলতার কথা কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন।