নিরাপত্তার চাদরে ঢাকা খর সিঙ্গা পূজামন্ডপ: দিনাজপুরে সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও:
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সীমান্ত সংলগ্ন এলাকার মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও আবহ সুনিশ্চিত করতে নিবিড় নজরদারি বজায় রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন দিহানগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার 'খর সিঙ্গা' পূজামন্ডপে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেছে বিজিবির টহল দল।
৪২ বিজিবির দিহানগর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার (১৬ অক্টোবর) খর সিঙ্গা মণ্ডপ ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, আনন্দমুখর ও শঙ্কামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে খর সিঙ্গা সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে বিজিবি সূত্রে জানা যায়, খর সিঙ্গা সহ সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুজারীদের নির্বিঘ্ন যাতায়াত ও পূজাঅর্চনা সুনিশ্চিত করতে বিজিবি ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও খর সিঙ্গা মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা বিজিবির এই সময়োপযোগী ও জোরালো পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
ব্যাটালিয়ন সূত্রে আরও জানানো হয়, দুর্গাপূজা উৎসব শেষ হওয়া পর্যন্ত খর সিঙ্গা সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নিরাপত্তা সুসংহত রাখতে বিজিবির এই বিশেষ টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।