ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) লালন উৎসব থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক ব্যক্তির নাম সাগর। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যেভাবে আটক করা হয়
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জানান, টিএসসিতে আয়োজিত লালন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সাগরকে দেখতে পান আব্দুর রহিম ভূঁইয়া। পরে তাঁর পরিচয় ও সেখানে উপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে হেঁটে শাহবাগ থানায় নিয়ে যান এবং পুলিশের কাছে সোপর্দ করেন।
যা বলছে পুলিশ
শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এক ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। পরে তাঁর নাম সাগর এবং তিনি ছাত্রলীগের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানা যায়। এরপর তাঁকে থানা হাজতে পাঠানো হয়।
তবে সাগরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।