জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার বিকেলে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মাইক্রোটেক্স ডিজাইন’-এর সৌজন্যে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি।
চিফ হুইপ আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে খেলাধুলার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনের বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে বামনা ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে দুই দলের মধ্যে জমজমাট লড়াই অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব ও ডৌয়াতলা সদর একাডেমি। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ গোলে ডৌয়াতলা সদর একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় ডৌয়াতলা সদর একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোটেক্স ডিজাইনের চেয়ারম্যান, বামনা উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফ।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, জাতীয় সংসদের চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, বামনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান মামুন, বামনা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মল্লিক, প্যানেল চেয়ারম্যান আবু সালেহ, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফসহ অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে ক্রীড়াচর্চার প্রসার এবং তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: বামনায় চিফ হুইপ নূরুল ইসলাম মণি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: বামনায় চিফ হুইপ নূরুল ইসলাম মণি..
ছবি: সংগৃহীত
Keine Kommentare gefunden