আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় একটি ড্রেজারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার ছনপাড়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি বালু উত্তোলনকারী ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউজ বোট, এক হাজার ফুট পাইপ এবং ৭ হাজার ৫০০ ঘনফুট উত্তোলিত বালু জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার চর কালিকাপুর গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক (৩৫), একই জেলার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৪০) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জের তিস্তাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৮)।
বৃহস্পতিবার দুপুরে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ মৌসুম উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সারাদেশের নদ-নদীতে সকল প্রকার ড্রেজিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র গত এক সপ্তাহ ধরে রাতের আঁধারে শক্তিশালী ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যেরবাজার ইউনিয়নের একটি প্রভাবশালী সিন্ডিকেট এই কাজের নেতৃত্ব দিচ্ছে।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি তার বিরুদ্ধে আনা বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন এবং তিনি এই কার্যক্রমের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। পরে উপ-পরিদর্শক আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং ড্রেজিং সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, "নৌ পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।"