মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭১ লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় মদ, গাঁজা, ফুচকা, আতশবাজি ও দুটি যানবাহন জব্দ করেছে ৫৫ বিজিবি। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর মাধবপুর উপজেলার চণ্ডিছড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও গাড়ির মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া ১০ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজিসহ দুজনকে আটক করা হয়। একই দিন চিমটিবিল ও সাতছড়ি বিওপির পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,"জব্দ করা মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।