সাতক্ষীরায় জাকারিয়া হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় জাকারিয়া হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি..
সাতক্ষীরায় জাকারিয়া হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি..
ছবি: সংগৃহীত
আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই’—‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’—শোক আর ক্ষোভে এমন স্লোগানে মুখর হয়ে ওঠে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

‘আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই’—‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’—শোক আর ক্ষোভে এমন স্লোগানে মুখর হয়ে ওঠে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন তার স্বজন, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী, জাকারিয়ার স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা পশু হাসপাতালের সামনে একটি চায়ের দোকানের কাছে কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা।

বক্তাদের অভিযোগ, একপর্যায়ে জাকারিয়ার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ঘটনার প্রায় দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাকারিয়ার স্বজন ও সহপাঠীরা বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সংঘর্ষ থামাতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে শিক্ষার্থী ও স্বজনেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শেষে স্বজন ও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Keine Kommentare gefunden


News Card Generator