সাতক্ষীরায় ছুরিকাঘাতে জাকারিয়া হত্যা: কিশোর গ্যাং নেতা নাহিদ প্রধান আসামি, বনি গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় ছুরিকাঘাতে জাকারিয়া হত্যা: কিশোর গ্যাং নেতা নাহিদ প্রধান আসামি, বনি গ্রেপ্তার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় ছুরিকাঘাতে জাকারিয়া হত্যা: কিশোর গ্যাং নেতা নাহিদ প্রধান আসামি, বনি গ্রেপ্তার..
সাতক্ষীরায় ছুরিকাঘাতে জাকারিয়া হত্যা: কিশোর গ্যাং নেতা নাহিদ প্রধান আসামি, বনি গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা শহরে মারামারি থামাতে গিয়ে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা;


সাতক্ষীরা শহরে মারামারি থামাতে গিয়ে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে মামলাটি করেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে। মামলায় নাহিদ হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় মুহিদ হাসান বনি নামে এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৪ অক্টোবর) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান, ফিরোজ উদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভাই জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে জুয়েল, মো. হাসানের ছেলে সাগর, শাকিল চেয়ারম্যানের ছেলে সামি, জমিদার মুন্সির ছেলে মো. নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান রাশেদ, মো. মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে কয়েকজন তাকে মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের পাশে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার মুহিদ হাসান বনিকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

মামলায় প্রধান আসামি নাহিদ হাসানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা দাখিল মাদ্রাসার সুপার মো. রমজান আলীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়। চলতি বছরের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাতেও নাহিদ প্রধান আসামি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শহরতলীর বাঁকাল ইসলামপুর চর এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ও ২০২২ সালের ২৯ এপ্রিলের আরও দুটি মামলাও বিচারাধীন রয়েছে বলে মামলার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে জাকারিয়া হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মামলা করা হয়েছে বলে দাবি করেছেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন। তিনি জানান, নিহত জাকারিয়া তার ফুফাতো ভাই। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রধান আসামি নাহিদকে গ্রেপ্তারে সহায়তা করলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং প্রত্যেক আসামির ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator