পতিত সরকারের অদূরদর্শী নীতিতে যুবসমাজ দিশেহারা; অর্থ উপদেষ্টা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পতিত সরকারের অদূরদর্শী নীতিতে যুবসমাজ দিশেহারা; অর্থ উপদেষ্টা..

A R Khalid avatar   
A R Khalid
পতিত সরকারের অদূরদর্শী নীতিতে যুবসমাজ দিশেহারা; অর্থ উপদেষ্টা..
পতিত সরকারের অদূরদর্শী নীতিতে যুবসমাজ দিশেহারা; অর্থ উপদেষ্টা..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, 'পতিত সরকারের দুর্নীতি ও অদূরদর্শী নীতির কারণে দেশের যুবসমাজ আজ দিশেহারা ও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসনের আয়োজিত প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, 'বাংলাদেশের মানুষের সংখ্যা ১৮ কোটি থেকে ২০ কোটি, তার মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা হচ্ছে দুই-তৃতীয়াংশ, যাদের বয়স হচ্ছে ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে। তার মধ্যে ন্যূনতম ১৫ থেকে ২৪ বছরের মানুষের সংখ্যা হচ্ছে ৩ কোটি ৩৩ লাখ। অর্থাৎ আমাদের একটা বড় জনসংখ্যা, আমাদের যুবসমাজ এবং যেখানে সবচেয়ে বেশি লাভবান হতে পারতাম। কিন্তু স্বজনতোষী, পৃষ্ঠপোষকতা প্রদানকারী পতিত সরকার জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও দেশের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদেরকে লালন-পালন করার অর্থনীতি চালু রেখে পালিয়েছে। যা যুবসমাজকে এক কর্মসংস্থানহীন ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রেখেছে। এটা আমাদের জন্য লজ্জার ও দুর্ভাগ্যের।'

তিনি আরও বলেন, 'ব্যাংক খাতের খেলাপি ঋণ ও ভঙ্গুর রাজস্ব ব্যবস্থা প্রমাণ করে বিগত সরকার অর্থনৈতিক ব্যবস্থা কতটা ধসিয়ে দিয়েছে। বেসরকারি খাতে বিনিয়োগ প্রথমে স্থবির এবং পরে নেতিবাচক পর্যায়ে চলে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ক্যাপাসিটি চার্জ, কর অব্যাহতি, কর ফাঁকি ও কর জালিয়াতির মতো বিষয়গুলো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সংকট থেকে উত্তরণে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জিয়াউর রহমানের বাস্তবমুখী অর্থনৈতিক মডেলের মতো প্রবাসী, শ্রমবাজার ও পোশাক খাতের উদ্ভাবনী নীতি অনুসরণ করতে হবে।'

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator