মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজার ড. মনসুরউদ্দিন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজের হলরুমে “গুণগত শিক্ষাই আলোকিত সমাজের সোপান”—এই স্লোগানকে সামনে রেখে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উচ্চতর গণিত বিভাগের প্রভাষক সুব্রত সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাশিমপুর ড. মনসুরউদ্দিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শরীফ উদ্দিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফ উদ্দিন মিয়া বলেন, “আমি কলেজের সভাপতি হওয়ার পর লেখাপড়ার মান, শিক্ষার পরিবেশ এবং বেগম রাবেয়া খাতুন ছাত্রী নিবাসের খাবারের মানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করেছি। আমি এখানে নিতে আসিনি, আমার কোনো চাহিদা নেই। এলাকার মানুষ, সমাজের মানুষ যেন বলে—লোকটা ভালো ছিল; এটাই আমার চাওয়া এবং পাওয়া।”
তিনি আরও বলেন, কলেজের বেগম রাবেয়া খাতুন ছাত্রী নিবাস পরিদর্শন করে সেখানকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং ইতোমধ্যে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং ১০ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবু আব্দুল্লাহ আল নয়ন।
এ সময় বক্তব্য রাখেন পৌরনীতি বিভাগের প্রভাষক মাইনউদ্দিন নিয়াজী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ওয়াসিম, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য সালাউদ্দিন মিন্টুসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক শিশির কুমার পোদ্দার, টিপু সুলতান রিপন, মোঃ বেলাল হোসেন, মোঃ নাছির পারভেজ মৃধাসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।