যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ভীতিজনক ও সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই দুই ব্যক্তি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিলে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, "স্থানীয় জনতা দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও গাঁজাসহ তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"