দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির বিস্তারিত জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে সকাল ৮টা পর্যন্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর রংপুরের উদ্দেশে যাত্রাপথে পাঁচটি স্থানে পথসভা করবে জোটের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। পরে রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ।
সাত দফা দাবিতে কর্মসূচি
হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধী দলের ঘোষিত ছয় দফা দাবি এখন সাত দফায় পরিণত হয়েছে। নতুন করে এর সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, সংসদে ১১ দলীয় ঐক্য জনস্বার্থ ও জনগণের অধিকার নিয়ে কথা বলছে। আইনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং মানুষের নিরাপত্তার বিষয়েও বিরোধী দলের সংসদ সদস্যরা সোচ্চার রয়েছেন। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখছেন বলে দাবি করেন তিনি।
সংবিধান সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও সংসদে বিরোধী দল সোচ্চার ছিল বলে উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
জ্বালানি ও গ্যাস সংকট নিয়েও অভিযোগ
দেশের চলমান তেল-গ্যাস সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। তার দাবি, সংকট সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি টাস্কফোর্স বা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কমিটি গঠনের পর বিরোধী দল ১০টি প্রস্তাব দিলেও সরকার সেগুলো যথাযথভাবে আমলে নেয়নি।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্ষমতায় গেলে দুই বছরের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
তার ভাষ্য, গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের বস্ত্রশিল্পের অর্ডার পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
সার সংকট নিয়ে শঙ্কা
বর্তমান সরকার গত ছয় মাসেও জ্বালানি সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন আযাদ। তার মতে, গ্যাসের পাশাপাশি এখন সার সংকটও দেখা দিয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে খাদ্যসংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, একের পর এক গুরুতর ঘটনা ঘটছে এবং গুম-খুনের ঘটনাও ঘটছে।
খুলনার মিরাজ শেখের সন্ধান এখনো পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের পাঁচজন নেতা-কর্মী খুন হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিরোধী দল সংসদে আলোচনা করার পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখছে।
রাজনৈতিক ঐকমত্যের আহ্বান
অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশের চলমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনায় বসতে হবে।
তবে বিরোধী দলের দেওয়া কোনো প্রস্তাবই সরকার যথাযথভাবে বিবেচনা করছে না বলে অভিযোগ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0