মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়া-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিয়াজী এবং উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।