আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।
মাওলানা সাদের আগমন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এবারের ইজতেমার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। দুই পক্ষের পৃথক সময়ে ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় আয়োজনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।