উপকূলের গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উপকূলের গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প

Ranajit Barman avatar   
Ranajit Barman
উপকূলের  গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প
উপকূলের  গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প
ছবি: সংগৃহীত

 শ্যামনগর উপজেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে নদ-নদীবেষ্টিত গাবুরা ইউনিয়ন।..

উপকূলের দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প

রনজিৎ বর্মন  শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  উপকূলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ও দুর্যোগপ্রবণ গাবুরায় স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)এর অর্থসহায়তায় ‘মহিউদ্দিন নূর রাশিদা সেন্টার’ নামে পরিচালিত হচ্ছে একটি ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র।


 শ্যামনগর উপজেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে নদ-নদীবেষ্টিত গাবুরা ইউনিয়ন। কাঁচা রাস্তা, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের বিভিন্ন সময়ে এ এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।দুর্গম এই এলাকায় এমবিবিএস চিকিৎসক তো দূরের কথা, অভিজ্ঞ গ্রাম্য চিকিৎসকও অনেক সময় সহজলভ্য নন।

বিশেষ করে নারী ও শিশুরা এখানে স্বাস্থ্যঝুঁকির  মুখোমুখি। মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি থাকায় গর্ভবতী নারীদের বড় একটি অংশ এখনও ধাত্রীনির্ভর। ব্রতীর গবেষণায় উঠে এসেছে, প্রশিক্ষণের অভাব, অনিরাপদ প্রসব পদ্ধতি এবং নানা ধরনের অপচিকিৎসার কারণে অনেক নারী ও শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।

এই বাস্তবতায় গাবুরার নারী ও শিশুদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ব্রতী সমাজ কল্যাণ সংস্থা নাবিকের অর্থসহায়তায় ‘মহিউদ্দিন নূর রাশিদা সেন্টার’ পরিচালনা করছে বলে ব্রতীর শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী অফিসের কর্মকর্তাবৃন্দ জানান। একই সঙ্গে জনস্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত মানুষের জন্যও দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা।

যেসব সেবা দেওয়া হচ্ছেঃ

এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে এমবিবিএস চিকিৎসকদের উপস্থিতিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, গাইনি ক্যাম্প, অনলাইন চিকিৎসা ক্যাম্প এবং প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি ক্যাম্প। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।
এছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী নেবুলাইজার ও অক্সিজেন সেবাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
প্রতি মাসে এমবিবিএস চিকিৎসকরা গাবুরায় এসে নিয়মিতভাবে ৮টি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। ফলে  গ্রামের দরিদ্র মানুষকে চিকিৎসার জন্য নিজ এলাকাতেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে অনেকে জানান।

দক্ষতা বাড়ছে ধাত্রী ও স্বাস্থ্য সহায়কদেরঃ

ব্রতীর শ্যামনগর অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, চিকিৎসাসেবার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছে ব্রতী। ধাত্রীদের আধুনিক ও নিরাপদ প্রসবসেবা বিষয়ে প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সহায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য সহায়করা রোগীর প্রাথমিক অবস্থা বুঝে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি জটিল রোগীদের দ্রুত হাসপাতাল বা উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এলাকায় চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে একটি কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে উঠছে।
বর্তমানে এই কার্যক্রমের আওতায় রয়েছে ৪ শয্যার একটি স্থল ক্লিনিক এবং একটি ভাসমান চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত ট্রলার। সেবাদানে নিয়োজিত রয়েছেন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও তিনজন ফ্যাসিলিটেটর।

প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে চিকিৎসাঃ

গাবুরার মতো প্রত্যন্ত ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকায় নাবিকের অর্থসহায়তায় পরিচালিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্র দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য  আশ্রয়স্থলে পরিণত হতে যাচ্ছে। গ্রামের মানুষ নিজেদের এলাকায় বসেই চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ এবং জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য এই উদ্যোগটি ভূমিকা রাখছে।

স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু সুরক্ষায়ও ব্রতী

স্বাস্থ্যসেবার পাশাপাশি গাবুরায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘমেয়াদি শিশু সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় ৪০০ শিশুর পুনর্বাসন, গৃহহীন ও অসহায় পরিবারের জন্য গৃহনির্মাণ ও গৃহসংস্কার, আয়বৃদ্ধিমূলক উপকরণ সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।
এছাড়া মানবাধিকার বিষয়ে সচেতনতা ও স্থানীয় পর্যায়ে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক টিম পরিচালনা এবং শিশুদের জন্য বিনামূল্যে স্কুল পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
এলাকাবাসী ও ইউনিয়ন চেয়ারম্যানের মতামত

গাবুরা ইউপির বাসিন্দা শিক্ষক খায়রুল ইসলাম মিলন বলেন ব্রতি গাবুরায় ভাসমান চিকিৎসাসেবা ক্যাম্প সহ স্থলেও চিকিৎসাসেবা ক্যাম্পের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। চিকিৎসাসেবা ছাড়াও কোন কোন সময় শিশুদের আর্থিক সহায়তা প্রদানসহ অন্যান্য কার্যক্রম করে থাকেন।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম বলেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা গাবুরায় ভাসমান ও স্থলভাগে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনার পাশপাশি শিশুদের শিক্ষা ও আর্থিক সহায়তা,বৃষ্টির পানি সংরক্ষণে ড্রাম বিতরণ,দরিদ্রদের মাঝে ওষুধ বিতরণ,কোরবানির মাংস বিতরণ সহ অন্যান্য কার্যক্রম করে থাকে।  তিনি বলেন চিকিৎসাসেবা পরিচালনায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় চিকিৎসক এসে চিকিৎসাসেবা প্রদান করেন।  

দুর্যোগ, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে গাবুরায় ব্রতীর স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার এই সমন্বিত উদ্যোগ স্থানীয় মানুষের জীবনে  আশার সঞ্চার সৃষ্টি করবে বলে্এলাকাবাসী মতপ্রকাশ করেন।  

ছবি- উপকূলের শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প।  

 
 
Aucun commentaire trouvé


News Card Generator