শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকাগামী লেনে একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। সংস্কারকাজের কারণে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে যানজট ক্রমে দীর্ঘ হতে থাকে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মেঘনা সেতু পার হয়ে সোনারগাঁ এলাকায় সংস্কারকাজ শুরু হওয়ার পর ঢাকাগামী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর প্রভাবে যানজট একপর্যায়ে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছিল। শনিবার বেলা ৩টা পর্যন্ত এর রেশ ছিল।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।
দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড গরমে বাস ও অন্যান্য যানবাহনের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে তাদের।
ঢাকাগামী এক বাসের যাত্রী আরিফুল ইসলাম জানান, তিনি শুক্রবার সকাল ৬টায় ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। স্বাভাবিক সময়ে প্রায় তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় পৌনে সাত ঘণ্টা পরও তিনি দাউদকান্দিতে যানজটে আটকা ছিলেন।
এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে গত রাতে হৃদ্রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সংস্কারকাজের কারণে সৃষ্ট এই দীর্ঘ যানজটে মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও চালক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0