মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভ সংঘ। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির উদ্দেশ্য হলো প্রশিক্ষণ নেওয়া নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজসেবক সাংবাদিক মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ইয়ংলক ম্রো, উপদেষ্টা ও আলীকদম কলেজের শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আহমেদ এবং বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রানা। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ দেওয়া জরুরি। এই লক্ষ্যেই বসুন্ধরা শুভ সংঘ ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বান্দরবান জেলার আলীকদমসহ পাঁচটি উপজেলায়ও এ কার্যক্রম চলছে।
প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করছে, যা প্রশংসনীয়।
তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়া নারীরা সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারলে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
সোহেল রানা আরও বলেন, এর আগেও বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নগদ আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সেলাই মেশিন পাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, তারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় পড়াশোনার প্রয়োজনীয় খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।
তারা বলেন, সেলাই মেশিনের মাধ্যমে কাপড় তৈরি ও সেলাই করে আয় করার সুযোগ তৈরি হবে। সেই আয় দিয়ে নিজেদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা এবং বিশিষ্ট লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে সেলাই মেশিন পাওয়া নারীরা নিয়মিত আয়ের পথ তৈরি করবেন। একই সঙ্গে তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবার ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।