মহেশখালীতে গভীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে পুলিশ অভিযান চালিয়ে এক কারিগরকে গ্রেপ্তার করেছে।
২২ আগস্ট (শনিবার) ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি পশ্চিম পাড়ার গভীর পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। রহমত উল্লাহ ওরফে বাশি (৩০) নামে এক অস্ত্রের কারিগরকে গ্রেপ্তার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর কারিগরেরা পালিয়ে গেছে।
পুলিশ জানায়, গভীর রাতে মহেশখালী থানার এসআই মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়েছে।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী দুটি বন্দুকের কাঠের বাট, দুটি হাতে তৈরি কাঠের বন্দুকের বাট, ছোট-বড় চারটি ট্রিগার মেকানিজম, অস্ত্র তৈরির ছয়টি ব্যারেলের অংশ, ছোট-বড় আটটি ট্রিগার, রিসিভার কভারের সদৃশ পাঁচটি অংশ, ছোট-বড় ১৫টি স্প্রিং এবং অস্ত্রের ১৫টি যন্ত্রাংশ, দুটি লোহার হাতুড়ি, লোহা ধার দেওয়ার একটি লেদ মেশিন, দুটি লোহার বাটাল, একটি লোহার পাইপ, একটি ড্রিল মেশিন, তিনটি স্ক্রু ড্রাইভার, একটি করাত, একটি হাতে চালিত ড্রিল মেশিন, একটি পরিমাপের স্কেল, একটি ইলেকট্রিক উড প্ল্যানার, একটি লোহা কাটার গ্রাইন্ডার, একটি দেশীয় তৈরি কুড়াল, একটি বড় টর্চলাইট, একটি ইলেকট্রিক হ্যাকসো এবং একটি লোহা কাটার হ্যান্ড করাত।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহকে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে নমি উদ্দিন (৪২) সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সংশ্লিষ্ট আছে।
পুলিশের প্রাথমিক দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন এবং এসব অস্ত্র আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ বা বিক্রি করতেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
মহেশখালীর বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল দুর্গম ভূপ্রকৃতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জিং এলাকা। জনবসতি থেকে কিছুটা দূরে পাহাড়ের ভেতরে ভাড়া করা ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুস সুলতান জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য যাচাই করে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর ব্যবহার এবং অস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় মহেশখালী থানায় মামলা হয়েছে। মামলার নম্বর-২৫, তারিখ ২২ আগস্ট ২০২৬ জিআর নম্বর-২৫৫/২৬।
Appen ”Eye News BD”
Kommentarer 0