উল্লাপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক এমপি এম. আকবর আলী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক এমপি এম. আকবর আলী..

Juwel Hossain avatar   
Juwel Hossain
উল্লাপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক এমপি এম. আকবর আলী..
উল্লাপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সাবেক এমপি এম. আকবর আলী..
ছবি: সংগৃহীত
****

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ। তিনি জানান, এ বছর প্রতিষ্ঠানটির ১০৯ জন শিক্ষার্থী বিভিন্ন বৃত্তি অর্জন করেছে এবং এখানকার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও চিকিৎসাসেবাসহ নানা পেশায় সফল ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা এম. আকবর আলী। তিনি বলেন, শিক্ষার মান আরও উন্নত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরগুলোতে শতভাগ পাস নিশ্চিতের পাশাপাশি শ্রেষ্ঠ ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা সদস্য মিসেস মোমেনা আলী লায়ন এবং সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করে কলেজের শিক্ষার্থী মাহিমা মিজান ও নওসিন ফেরদৌস নাজি।

উল্লেখ্য, দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী উল্লাপাড়ায় শিক্ষার আলো ছড়াতে মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সরকারি আকবর আলী কলেজ ও বড়হর স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। শিক্ষাবিস্তারের পাশাপাশি এলাকার সড়ক, সেতু ও ভৌত অবকাঠামো উন্নয়নেও তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator