মোঃ আমির হোসাইন ছাদেকী
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বন্যা ও ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট ২০২৬ তারিখে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে তথ্য অফিস, লামা। সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগিতায় ছিল জাগ্রত যুব সংঘ, লামা।
সভায় রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকা এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগের সময় সঠিক তথ্য জীবন রক্ষা করে। গুজব বা ভুল তথ্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। তাই সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সভায় আরও বলা হয়, দুর্যোগকালীন সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো লেনদেন করা যাবে না। কোনো অনিয়ম দেখলে অভিযোগ বক্সে অভিযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
ইউপি চেয়ারম্যান শাহ আলম কমিউনিটি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।