ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল ও এসকাফসহ মোঃ দুলবাহার (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত দুলবাহার ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দুলবাহারের বাড়িতে অভিযান চালায়। পরে তার শয়নকক্ষ তল্লাশি করে কোডেইনসমৃদ্ধ ১৯৩ বোতল ফেনসিবিল এবং ২০ বোতল এসকাফ (মোট ২১৩ বোতল মাদক) উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ রাখার দায়ে ঘটনাস্থল থেকেই দুলবাহারকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন , গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন , মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও এমন অভিযান অব্যাহত থাকবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0