মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ফুটবল মাঠে তখন খেলা শুরুর প্রস্তুতি। সহপাঠীদের সঙ্গে মাঠে নেমেছিল নবম শ্রেণির শিক্ষার্থী নৌশিন আক্তার। কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে সে। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত নৌশিন আক্তার ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই হৃদরোগে ভুগছিল নৌশিন। চিকিৎসকের পরামর্শ ছিল—খেলাধুলা ও অতিরিক্ত পরিশ্রম থেকে তাকে দূরে রাখা।
নৌশিনের চাচা শামীম খান অভিযোগ করেন, তার ভাতিজির অসুস্থতার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকদের জানানো হয়েছিল। এরপরও প্রচণ্ড রোদের মধ্যে তাকে মাঠে খেলতে দেওয়া হয়েছে। তার দাবি, খেলতে নামার পর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুর প্রায় পাঁচ ঘণ্টা পরও বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেনি বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ঘটনার সময় তিনি উপজেলা সদরে একটি সভায় ছিলেন। পরে বিষয়টি জানতে পারেন। তিনি জানান, নৌশিনের হৃদযন্ত্রে ছিদ্র ছিল এবং পরিবারের আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক আরও বলেন, মেয়েদের বাছাই খেলা চলছিল। নৌশিনকে খেলতে নামতে একজন শিক্ষক বাধা দিয়েছিলেন। কিন্তু সে নিজেই খেলতে মাঠে নেমে যায়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
নৌশিনের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অসুস্থ শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের সতর্কতা ও দায়িত্বশীলতার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
মাধবপুরে ফুটবল খেলতে নেমে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মাধবপুরে ফুটবল খেলতে নেমে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর..
ছবি: সংগৃহীত
Nessun commento trovato