রাণীশংকৈলে ইএসডিও’র বিনামূল্যে চক্ষুসেবায় আলো ফিরছে অসহায় মানুষের চোখে

****
Delen op Eidok
রাণীশংকৈলে ইএসডিও’র বিনামূল্যে চক্ষুসেবায় আলো ফিরছে অসহায় মানুষের চোখে
Foto: archief

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

চোখে ঝাপসা দেখা থেকে একসময় প্রায় হারিয়েই গিয়েছিল দৃষ্টিশক্তি। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা কিংবা অস্ত্রোপচারের সুযোগ ছিল না অনেকের। এমন অসহায় মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও Orbis International-এর সহযোগিতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সব ইউনিয়নে চলছে সমন্বিত চক্ষুসেবা কার্যক্রম।

‘প্রত্যেক মানুষের প্রয়োজনীয় চক্ষুসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করা’—এই লক্ষ্য সামনে রেখে কার্যক্রমটির মাধ্যমে চোখের রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দরিদ্র, অসহায়, শিশু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ওপর।

ইএসডিও সূত্রে জানা গেছে, এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলার ৬ হাজার ৫০ জন মানুষের চোখ স্ক্রিনিং করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব মানুষকে চক্ষুসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। স্ক্রিনিংয়ে যাঁদের ছানি শনাক্ত হচ্ছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৩ আগস্ট ২০২৬ তারিখে স্ক্রিনিংয়ের মাধ্যমে চিহ্নিত ২৭ জন ছানি রোগীর অস্ত্রোপচার দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে চলছে। তাঁদের মধ্যে রয়েছেন রাণীশংকৈল উপজেলার ৬৫ বছর বয়সী মো. সিরাজুল ইসলাম এবং হাটখোলা গ্রামের শর্মিলা মোহন। প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় রয়েছেন তাঁরা।

ইএসডিওর হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স মো. আইনুল হক বলেন, “এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলায় ১৭৬ জন দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁরা যখন আবার স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন, তখন তাঁদের আনন্দ ও আবেগ আমাদেরও গভীরভাবে স্পর্শ করে। আমাদের লক্ষ্য হচ্ছে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মানুষকে চোখের স্ক্রিনিংয়ের আওতায় আনা এবং যাঁদের চিকিৎসা প্রয়োজন, তাঁদের প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত করা।”

সংশ্লিষ্টরা জানান, গ্রামাঞ্চলের অনেক মানুষ দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও অর্থনৈতিক অসচ্ছলতা, সচেতনতার অভাব এবং বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে যাওয়ার সুযোগ না থাকায় সময়মতো চিকিৎসা নিতে পারেন না। ফলে সাধারণ চোখের সমস্যাও একপর্যায়ে গুরুতর হয়ে ওঠে। এ বাস্তবতায় মানুষের দোরগোড়ায় প্রাথমিক চক্ষুসেবা ও স্ক্রিনিং পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উচ্চতর চিকিৎসার জন্য রোগীদের রেফার করা হচ্ছে।

ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “দৃষ্টিশক্তি মানুষের জীবনের অমূল্য সম্পদ। অথচ অর্থের অভাব, সচেতনতার ঘাটতি কিংবা সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ার কারণে অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকেন। আমরা চাই, প্রতিরোধযোগ্য চোখের রোগে কেউ যেন অন্ধত্বের শিকার না হন এবং অর্থের অভাবে কোনো মানুষ প্রয়োজনীয় চক্ষুসেবা থেকে বঞ্চিত না থাকেন।”

তিনি আরও বলেন, “পিকেএসএফ ও Orbis International-এর সহযোগিতায় রানীশংকৈলে আমরা একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক চক্ষুসেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। এর মাধ্যমে প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষও সময়মতো চোখ পরীক্ষা, রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারের সুযোগ পাবেন।”

ইএসডিও জানিয়েছে, কার্যক্রমের আওতায় শুধু ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপচার নয়, চোখের যত্ন এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও রেফারেল সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে রাণীশংকৈলে একটি কার্যকর ও টেকসই চক্ষুসেবা কাঠামো গড়ে উঠবে। এর সুফল পৌঁছাবে প্রত্যন্ত গ্রামের সেই মানুষটির কাছেও, যাঁর কাছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া শুধু একটি চিকিৎসাসেবা নয়—বরং স্বাভাবিক জীবনে ফিরে আসার নতুন সুযোগ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা anders আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 44 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি anders তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 73 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা anders নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 88 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন anders বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 104 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা anders ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 86 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা anders পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 152 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ anders দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 85 Views