রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে তার মনোনয়নের বিষয়টি জানানো হয়।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ইতোমধ্যে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। মন্ত্রিসভা থেকেও তার পদত্যাগ করার কথা রয়েছে।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবসহ দল ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আসবে।
কে হবেন বিএনপির পরবর্তী মহাসচিব?
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র বলছে, জাতীয় কাউন্সিলের আগে বা কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপি একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দিতে পারে। পরে জাতীয় কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রুহুল কবির রিজভী নির্বাচনে অংশ নেননি এবং তাকে মন্ত্রিসভাতেও রাখা হয়নি। এ কারণে মহাসচিবের পদ শূন্য হলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন দলের অনেক নেতা।
তবে বিএনপির একটি অংশ স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই নতুন মহাসচিব চায়। সে ক্ষেত্রে সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম বেশি আলোচনায় রয়েছে। তবে দুজনই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় তাদের মহাসচিব করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
শূন্য হবে ঠাকুরগাঁও-১ আসন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হবে। এরপর নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের আয়োজন করবে।
এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের নাম আলোচনায় রয়েছে। মির্জা ফয়সল আমীন মির্জা ফখরুলের ভাই এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়।
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত রয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বর্তমানে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ফলে সব প্রক্রিয়া শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন সম্ভাবনাই জোরালো।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়।
App „Eye News BD“
Bemerkungen 0