আলীকদমে নারী সমাবেশে সড়ক দুর্ঘটনা ও জটিল রোগীদের আর্থিক সহায়তার তথ্য তুলে ধরল তথ্য অফিস
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম বান্দরবান প্রতিনিধি: তথ্য অফিস, লামার উদ্যোগে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তী এবং আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সরকারিভাবে ৫ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করলে ৩ লাখ টাকা এবং আহত ব্যক্তির চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এ সুবিধা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)-এর চেয়ারম্যান বরাবর নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
তিনি আরও জানান, ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোক, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া এবং জন্মগত জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হয়। এ ধরনের সরকারি সহায়তা পেতে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য তিনি উপস্থিতদের উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি সাইফুল ইসলাম রিমন ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়নের কথা জানিয়ে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান। তিনি সরকারি সেবা গ্রহণে সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, প্রবাসী কার্ড, প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।